নিজস্ব প্রতিনিধি –
বার্ধক্য মানুষের জীবনের বাস্তব সমস্যা ও অনুভূতিকে কেন্দ্র করে আসতে চলেছে এক নতুন বাংলা চলচ্চিত্র। সল্টলেক সেক্টর ফাইভ-এর একটি সবুজ প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা করেন বিশিষ্ট পরিচালক বাদল সরকার।
পরিচালক জানান, তাঁর নতুন ছবির নাম “বৃদ্ধের পরশ”, যা সম্পূর্ণভাবে ষাট ঊর্ধ্ব বয়সের মানুষদের জীবন, মানসিক অবস্থা ও সামাজিক সমস্যাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। এই চলচ্চিত্রে বার্ধক্যজনিত একাকিত্ব, অবহেলা, শারীরিক দুর্বলতা, স্মৃতিভ্রংশ, সামাজিক বিচ্ছিন্নতা এবং পরিবারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন—এই সমস্ত বিষয় অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরা হবে বলে জানান তিনি।
বাদল সরকার আরও বলেন, বর্তমান সমাজে বার্ধক্য মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে, কিন্তু তাঁদের সমস্যা ও অনুভূতি খুব কম ক্ষেত্রেই আলোচনায় আসে। আগামী দিনে এই ছবির মাধ্যমে প্রবীণদের জীবনসংগ্রাম, তাঁদের অনুভব এবং সমাজের প্রতি তাঁদের অবদানকে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই তাঁর মূল লক্ষ্য।
পরিচালকের কথায়, “বৃদ্ধের পরশ শুধুমাত্র একটি চলচ্চিত্র নয়, এটি বার্ধক্যকে বোঝার ও অনুভব করার এক মানবিক প্রয়াস”। ছবিটি ধীরে-স্থির গতিতে বাস্তবধর্মী ভাবনায় এগোবে এবং দর্শকদের মনে গভীর প্রভাব ফেলবে বলে আশাবাদী নির্মাতারা।
এই ঘোষণার পর থেকেই চলচ্চিত্রপ্রেমী মহলে কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে। সমাজের এক গুরুত্বপূর্ণ অথচ উপেক্ষিত অধ্যায়কে পর্দায় তুলে ধরতে চলা এই ছবিটি আগামী দিনে বাংলা চলচ্চিত্রে এক নতুন ভাবধারা যোগ করবে বলেই মনে করা হচ্ছে।



