নিজস্ব প্রতিনিধি –
সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে বিশিষ্ট নিউট্রিশনিস্ট রেশমী মিত্র-এর লেখা বাংলা বই সহজ পাক: A Nutritional Approach-এর প্রকাশ অনুষ্ঠান। স্বাস্থ্য ও পুষ্টিনির্ভর জীবনযাপনের গুরুত্ব নিয়ে আলোচনায় সমৃদ্ধ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন কনিষ্ক।
সহজ পাক বইটিতে বিভিন্ন অসুখের জন্য উপযোগী স্বাস্থ্যকর খাবারের সহজ রেসিপি সংকলিত হয়েছে। আইবিএস, পিসিওডি, ডায়াবেটিস, ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি প্রোটিন সমৃদ্ধ খাবার, ডিটক্স পানীয়, স্মুদি, কিটোজেনিক ডায়েট ও গ্লুটেন-মুক্ত ডেজার্টের রেসিপি এতে অন্তর্ভুক্ত। প্রতিটি রেসিপির সঙ্গে তার পুষ্টিগুণ—ক্যালোরি ভ্যালু, প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাটের পরিমাণ—সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে। বইয়ের শেষ অংশে বিভিন্ন সবজির পুষ্টিগুণ ও উপকারিতা নিয়ে অত্যন্ত প্রয়োজনীয় আলোচনা পাঠকদের জন্য বিশেষভাবে সহায়ক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া সাংবাদিক ও হ্যাংলা হেসেলার-এর মুখ্য সম্পাদক অনিলাভ চ্যাটার্জী, টলি অ্যান্ড মোর-এর সিনিয়র সাংবাদিক বিপ্লব চক্রবর্তী, প্রকাশক শালিধান পাবলিশার্স-এর কর্ণধার পার্থ দেব, এবং প্রখ্যাত বাচিক শিল্পী মৌ গুহ। সহজ পাক বইটির প্রকাশ সুস্থ ও সচেতন জীবনধারার পথে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে চিহ্নিত হয়ে রইল।



