সায়ন দেবনাথ –
১ জুলাই সারা দেশ জুড়ে পালিত হল জাতীয় চিকিৎসক দিবস। ওইদিন এই বাংলার প্রয়াত মুখ্যমন্ত্রী ডাক্তার বিধান চন্দ্র রায় এর জন্মদিন এবং ১৯৬২ সালের এই দিনেই ডাক্তার বিধান চন্দ্র রায় এর প্রয়াণ হয়। আমাদের রাজ্যেও এইদিন মহা ধুমধামের সাথে উদযাপিত হল চিকিৎসক দিবস। উত্তর পূর্ব কলকাতায় বেলেঘাটা সুভাষ সরোবরের স্বেচ্ছাসেবী সংস্থা আমরা ব্যতিক্রমী’র উদ্যোগে বেলেঘাটা সি আই টি রোডে অবস্থিত বি সি রায় পোলিও হাসপাতাল এবং ফুলবাগনের বি সি রায় শিশু হাসপাতালের চিকিৎসারত শিশুদের প্রয়োজনীয় উপহার তুলে দেওয়া হল সংস্থার পক্ষ থেকে। অনুষ্ঠানের শুরুতেই ডাক্তার বিধান চন্দ্র রায় এর মূর্তিতে মাল্যদান এবং পুষ্প নিবেদন করে শ্রদ্ধা জানান সংস্থার সদস্যরা। উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক গোপাল দেবনাথ, সভাপতি প্রদীপ কুমার ভট্টাচার্য্য, ইন্দ্রাণী বালা, আল্পনা বন্দ্যোপাধ্যায়, দিব্যেন্দু ঘোষ এবং দীপক বিশ্বাস সহ বিশিষ্টজন। আমরা ব্যতিক্রমী সংস্থা এই বছর ১৬ তম বর্ষে পদার্পণ করলো। এদিনের অনুষ্ঠানে প্রায় শতাধিক শিশু’র অভিভাবকগণ সকলেই এই মহতী উদ্যোগের প্রশংসা করেন। এই কাজে দুই হাসপাতালের কর্তৃপক্ষ সাহায্যের হাত বাড়িয়ে দেয়।



