গোপাল দেবনাথ –
এই দেশ তথা এই রাজ্যে সাংবাদিকদের অধিকার নিয়ে কথা বলা যত সংখ্যক ক্লাব সংগঠন আছে তাদের মধ্যে অন্যতম অর্ধশতাব্দীর দোরগোড়ায় পৌঁছে যাওয়া কলকাতার অত্যন্ত জনপ্রিয় ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব। রবীন্দ্র সদনে এই বছর আয়োজিত হল ৪৮ তম বর্ষপূর্তি উৎসব। এই ক্লাব সারা বছর ধরেই নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করে। যে অনুষ্ঠান গুলোর কথা বিশেষভাবে উল্লেখ করতে হয় তা হল আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতা, দীর্ঘ বছর ধরে কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় অংশগ্রহণ, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা সাথে সদস্যদের নিয়ে মিলনোৎসব। আর একটি কথা বিশেষভাবে উল্লেখ করতে হয় তা হল নিয়মিত ভাবে বছরে তিনটি করে বিষয় ভিত্তিক সাংবাদিক ম্যাগাজিন প্রকাশ।
আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে এই ক্লাব ৫০ তম বর্ষে পদার্পণ করতে চলেছে। সুবর্ণজয়ন্তীবর্ষ যে কোন ক্লাবের জন্য গৌরবের। গত রবিবার ৩০ আগস্ট বৃষ্টি কে উপেক্ষা করে ক্লাবের ৪৮তম বর্ষপূর্তি উৎসব উদযাপিত হল। এদিন পূর্বঘোষিত সময়ে অনুষ্ঠান শুরু হয়। পূর্ণ প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কৃতীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান। যে সকল মহান সাংবাদিকদের নামাঙ্কিত স্মৃতি পুরস্কার প্রদান করা হয় তাঁরা হলেন যথাক্রমে দক্ষিণারঞ্জন বসু, সন্তোষকুমার ঘোষ, বরুণ সেনগুপ্ত , নিরঞ্জন সেনগুপ্ত, ডঃ স্মরজিৎ দত্ত, অমিত চট্টোপাধ্যায়, রাহুল

গোস্বামী, হিমাংশু চট্টোপাধ্যায় এবং অভীক বোস। এ ছাড়াও ক্লাব সদস্যদের পরিবারে যারা এই বছর দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় সফল হয়েছে সেই সকল কৃতিদের অনুষ্ঠান মঞ্চে সন্মানিত করা হয়। এই বছর সর্বমোট ১৪ জন কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করা হয়েছে। এই বছর জীবনকৃতি সম্মান তুলে দেওয়া হয় ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এবং বিশিষ্ট সাংবাদিক শ্রী বিশ্বজিৎ মতিলাল মহাশয় কে। শাল পড়িয়ে সন্মান জানান ক্লাবের সম্পাদক ইমনকল্যাণ সেন, আর্থিক পুরস্কার ও রৌপ্যপদক তুলে দেন ক্লাবের সভাপতি প্রান্তিক সেন। একটি বিশেষ বিভাগে পুরস্কৃত করা হয় একজন প্রতিভাবান ক্রীড়াবিদ কে। অনুষ্ঠান মঞ্চে সাংবাদিক ম্যাগাজিনের বিশেষ সংখ্যাটি প্রকাশ করেন ক্লাবের উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক শম্ভু সেন সহ মঞ্চে উপবিষ্ট ক্লাবের পদাধিকারীগণ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল জনপ্রিয় অভিনেতা ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী সাহেব চট্টোপাধ্যায়ের মনমাতানো গান। সাহেব উপস্থিত দর্শক শ্রোতাদের হৃদয় স্পর্শ করতে সক্ষম হয়েছে। যত সময় এগিয়েছে সাহেব রবীন্দ্র সংগীত থেকে শুরু করে আধুনিক গান সেইসাথে অসাধারণ সব জনপ্রিয় কালজয়ী গান গেয়ে সকলের মন জয় করে নিয়েছে। অনুষ্ঠান চলাকালীন ক্লাবের পরম্পরা অনুযায়ী ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের পক্ষ থেকে তাঁকে উত্তরীয় ও পুষ্প স্তবক তুলে দেন অজন্তা চৌধুরী ও শাকিলা খাতুন। এ ছাড়াও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন ক্লাবের সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন, সভাপতি প্রান্তিক সেন এবং ক্লাবের কোষাধ্যক্ষ সাধনা দাস বোস।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাব সদস্যা নন্দিনী লাহা।



