নিজস্ব প্রতিনিধি –
কলকাতার ঐতিহ্যবাহী এপি স্টুডিওতে অনুষ্ঠিত হলো বাংলা চলচ্চিত্র ‘আজকের মুখ্যমন্ত্রী’-এর শুভ মুহূর্ত। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ছবিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
নির্মাতাদের বক্তব্য অনুযায়ী, সমসাময়িক পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট এবং রাজনৈতিক সংগ্রামকে কেন্দ্র করেই ছবির কাহিনি নির্মিত হয়েছে। ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, সংযোজন ও পরিচালনায় রয়েছেন শিবপ্রসাদ রায়। চিত্রগ্রহণে মনোজিৎ, সম্পাদনায় সুমন্ত ঘোষ এবং রূপসজ্জা ও সাজসজ্জায় শম্ভু চিত্রকর।
শুভ মুহূর্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের একাধিক বিশিষ্ট শিল্পী। তাঁদের মধ্যে ছিলেন দেবশ রায়চৌধুরী,

সোমা চক্রবর্তী, বুদ্ধদেব ভট্টাচার্য, চন্দ্রনাথ ভট্টাচার্য-সহ আরও অনেকে।
নির্মাতাদের দাবি, ছবিতে রাজনৈতিক চরিত্রগুলির অনুপ্রেরণা সমসাময়িক বাস্তব ঘটনাপ্রবাহ থেকে নেওয়া হয়েছে। ছবিতে শুভেন্দু অধিকারী-অনুপ্রাণিত একটি চরিত্রে অভিনয় করছেন চন্দ্রনাথ ভট্টাচার্য। এছাড়াও আরও একাধিক শিল্পী গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন।
নির্মাতা শিবপ্রসাদ রায় জানান, সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটকে চলচ্চিত্রের ভাষায় তুলে ধরার প্রয়াস হিসেবেই ‘আজকের মুখ্যমন্ত্রী’ নির্মিত হচ্ছে। ছবিটি দর্শকদের মধ্যে নতুন আলোচনার ক্ষেত্র তৈরি করবে বলেই তাঁদের প্রত্যাশা।



