নিজস্ব প্রতিনিধি –
ভারতের বৃহত্তম হসপিটালিটি সংস্থা ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড (আইএইচসিএল) এবং বহুমুখী কর্পোরেট গোষ্ঠী অম্বুজা নেওটিয়া আজ যৌথভাবে কলকাতা এবং শিলিগুড়িতে ‘অল্টএয়ার হাউস– আইএইচসিএল সিলেকশনস’-এর আনুষ্ঠানিক শুভ সূচনা করেছে।
পুনীত ছটওয়াল, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, আইএইচসিএল বলেন, “ অম্বুজা নেওটিয়ার সঙ্গে আমাদের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও মজবুত হল কলকাতা ও শিলিগুড়িতে আইএইচসিএল সিলেকশনস ব্র্যান্ডের অধীনে অল্টএয়ার হাউস চালুর মাধ্যমে। অনন্য ডিজাইন এবং বিশেষ গ্রাহক অভিজ্ঞতার সমাহারে গড়ে ওঠা ‘অল্টএয়ার হাউস’ আইএইচসিএল সিলেকশনস প্ল্যাটফর্মের জন্য এক নিখুঁত সংযোজন। ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থার মাধ্যমে চালু হওয়া এই দুই হোটেল আমাদের অংশীদারিত্বে একটি নতুন অধ্যায়ের সূচনা করল।”
তিনি আরও বলেন,”একটি অভিন্ন লক্ষ্যকে সম্বল করে আইএইচসিএল এবং অম্বুজা নেওটিয়া এই অঞ্চলে পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের জন্য নতুন ভ্রমণ অভিজ্ঞতা তৈরি এবং আইএইচসিএল-এর ব্র্যান্ডগুলোর উপস্থিতি বিস্তারে একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
এই উপলক্ষে অম্বুজা নেওটিয়া পশ্চিমবঙ্গের হসপিটালিটি ক্ষেত্রে ₹২,৭০০ কোটি বিনিয়োগের কথা ঘোষণা করেছে। আইএইচসিএল-এর বিভিন্ন ব্র্যান্ডের অধীনে কলকাতা, রায়চক, দিঘা, শিলিগুড়ি, লাটাগুড়ি, কালিম্পং এবং দার্জিলিংয়ে এই বিনিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে সদ্য চালু হওয়া দুটি হোটেল এবং দার্জিলিংয়ের তাজ চিয়া কুটির রিসর্ট অ্যান্ড স্পা-এর সম্প্রসারণে ₹১০০ কোটি বিনিয়োগ। এই সম্প্রসারণের ফলে রিসর্টে ২৮টি নতুন রুম এবং ১৫,০০০ বর্গফুটের ব্যাঙ্কোয়েটের ব্যবস্থা তৈরি হবে।
হর্ষবর্ধন নেওটিয়া, চেয়ারম্যান, অম্বুজা নেওটিয়া গ্রুপ বলেন, “বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য অসাধারণ। প্রাণবন্ত শহর, নদীর পাড়, বন, চা-বাগান থেকে হিমালয়—সব মিলিয়ে এই
রাজ্যে ভ্রমণের অনেক রকম অভিজ্ঞতা পাওয়া যায়। পর্যটনের সম্ভাবনার উপর আমাদের আস্থা এবং এমন কিছু গন্তব্য তৈরি করার ভাবনা থেকেই প্রায় ₹২,৭০০ কোটি বিনিয়োগের সিদ্ধান্ত। আমরা এমন জায়গা তৈরি করতে চাই, যেখানে মানুষ বেড়াতে আসতে চাইবেন এবং বারবার ফিরে আসবেন।”

তিনি আরও বলেন, “আতিথেয়তা নিয়ে আমাদের একই রকম ভাবনা ও দৃষ্টিভঙ্গির কারণে আইএইচসিএল-এর সঙ্গে আমাদের সম্পর্ক বছরের পর বছর আরও মজবুত হয়েছে। ‘অল্টএয়ার হাউস – আইএইচসিএল সিলেকশনস’ চালুর মাধ্যমে আমরা এমন এক নতুন অভিজ্ঞতা তৈরি করতে চাই, যেখানে প্রতিটি হোটেলের নিজস্ব ডিজাইন ও পরিচয় থাকবে। পাশাপাশি থাকবে বিশেষ ডাইনিংয়ের ব্যবস্থা এবং মানুষের একসঙ্গে সময় কাটানোর সুন্দর পরিসর। আইএইচসিএল-এর সঙ্গে আমাদের কুটির সিরিজের ক্রমাগত সম্প্রসারণের পাশাপাশি, এই উদ্যোগ আমাদের অংশীদারিত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”
পশ্চিমবঙ্গে আইএইচসিএল ও অম্বুজা নেওটিয়ার আসন্ন প্রকল্পসমূহ
কলকাতার সল্টলেক সেক্টর ৫-এ ‘অল্টএয়ার’-এর গত এক দশকেরও বেশি সময়ের আতিথেয়তা, দুর্দান্ত রেস্তোরাঁ ও বিনোদনের ঐতিহ্যকে পাথেয় করে এবার এক অনন্য ডিজাইন-নির্ভর বুটিক আতিথেয়তার উপহার নিয়ে আত্মপ্রকাশ করল ‘অল্টএয়ার হাউস – আইএইচসিএল সিলেকশনস’। আর্কিটেকচার, শিল্পকলা এবং নজরকাড়া ইন্টেরিয়রের মেলবন্ধনে এই সিরিজের প্রতিটি প্রপার্টি নিজস্ব গল্প বলার মতো করে গড়ে তোলা হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে বিশেষভাবে নির্বাচিত রন্ধনশৈলীর অভিজ্ঞতা, ব্র্যান্ডের নিজস্ব সিগনেচার ডাইনিং কনসেপ্ট এবং নানা সামাজিক অনুষ্ঠান ও উদযাপনের জন্য আকর্ষণীয় ওপেন স্পেসের চমৎকার সমাহার।
কলকাতার অল্টএয়ার হাউস – আইএইচসিএল সিলেকশনস নিউ টাউনের ইকোস্পেস বিজনেস পার্কে অবস্থিত। হোটেলটিতে রয়েছে ৪২টি ঘর ও স্যুইট, যার প্রতিটির ডিজাইন বাংলার সমৃদ্ধ সংস্কৃতি থেকে অনুপ্রাণিত। এখানে শিল্পকর্মে সাজানো ইন্টেরিয়র, বিশেষ ডাইনিং ও লাউঞ্জের ব্যবস্থা, এবং অনুষ্ঠানের জন্য আলাদা পরিসর রয়েছে। শিলিগুড়ির অল্টএয়ার হাউস – আইএইচসিএল সিলেকশনস উত্তরায়ণ টাউনশিপে অবস্থিত। এই হোটেলে রয়েছে ৬০টি ঘর ও স্যুইট, যার ডিজাইনে উঠে এসেছে এই অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্য। পাশাপাশি রয়েছে স্বতন্ত্র ইন্টেরিয়র, বিশেষ ডাইনিংয়ের ব্যবস্থা এবং ইনডোর ও আউটডোর অনুষ্ঠানের পরিসর। এখানে সর্বোচ্চ ১,২০০ জন অতিথির জন্য অনুষ্ঠানের আয়োজন করা যাবে।
বর্তমানে আইএইচসিএল ও অম্বুজা নেওটিয়ার অংশীদারিত্বে সারা দেশে ৮০টিরও বেশি হোটেল ও রিসর্ট রয়েছে। এর মধ্যে ৫৫টি রিসর্ট রয়েছে আইএইচসিএল-এর বিশেষ অবসরযাপন ও ভ্রমণের অভিজ্ঞতা প্রদানকারী ব্র্যান্ড ‘ট্রি অফ লাইফ’-এর অধীনে।



