“শিল্প ও সংস্কৃতির সাথে জড়িত প্রকৃত মেধাদের তুলে ধরার জন্য নির্মিত হল ‘কল্যাণ ভারতী’

নিজস্ব প্রতিনিধি –

কলকাতায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই তথ্য পরিবেশন করেন ‘বসুধা কল্যাণ আশ্রম’-এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আচার্য পবন মহারাজ।

প্রেস ক্লাব কোলকাতায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে আচার্য পবন মহারাজ জানান, “ভারতে মেধার অভাব নেই। এই মেধাদের খুঁজে বার করে এনে জগতের সামনে দাঁড় করিয়ে দেওয়ার লক্ষ্যেই গঠিত হয়েছে ‘কল্যাণ ভারতী’। পূর্ব দিক থেকে সূর্যোদয় হওয়ার পর ভারত আলোকিত হয়, এই কথাকে মাথায় রেখে পূর্ব ভারতের কলকাতার বুক থেকেই আজ ‘বসুধা কল্যাণ আশ্রম’ পরিবারের নবতম প্রকোষ্ঠ রূপে পথচলা শুরু করল ‘কল্যাণ ভারতী’। দেশের শিল্প ও সংস্কৃতি পরিমণ্ডলের ভেতর লুকিয়ে থাকা মেধা অন্বেষণ ও তার প্রতিষ্ঠায় সহযোগিতা করাই ‘কল্যাণ ভারতী’ প্রথম ও প্রধান লক্ষ্য বলে বিবেচিত হবে। আজ থেকে ‘কল্যাণ ভারতী’-র পশ্চিমবঙ্গ শাখার প্রধান রূপে দায়িত্ব গ্রহণ করছেন কণ্ঠসঙ্গীত শিল্পী শিল্পী পাল।”

বলে রাখা ভালো, ২০২০ সালে প্রতিষ্ঠিত ‘বসুধা কল্যাণ আশ্রম’-এর অধীনে সদ্যগঠিত ‘কল্যাণ ভারতী’-র মতো আর ১৭ টা প্রকোষ্ঠ আছে। এই প্রকোষ্ঠগুলোর মাধ্যমে জনহিতকর কাজ করে চলেছে ‘বসুধা কল্যাণ আশ্রম পরিবার’।

আচার্য পবন মহারাজের কাছ থেকে পশ্চিমবঙ্গের প্রদেশ অধ্যক্ষ-র দায়িত্ব গ্রহণের পর ‘বিশ্বদর্পণ’-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে শিল্পী পাল জানিয়েছেন, “এই মুহূর্তে ‘কল্যাণ ভারতী’-র পশ্চিমবঙ্গ প্রদেশ শাখার অন্য কর্মকর্তাদের চয়ন করা সম্ভব হয়নি, যেমন আমরা সংস্থার জন্য এখনো পর্যন্ত নিজস্ব কোনো কার্যালয় চিহ্ণিত করতে পারি নি। যেহেতু রাষ্ট্রীয় বা প্রদেশ শাখাগুলো এখনো পুরোপুরি তৈরি হয়নি তাই এই মুহূর্তে বলা সম্ভব নয় আমরা শিল্পীদের কীভাবে চয়ন করব বা গুণী শিল্পীদের কীভাবে জগতের সামনে তুলে ধরা হবে! তবে আমি আশাবাদী খুব তাড়াতাড়ি আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষের পরামর্শে ভারতের সবকটা প্রদেশই পূর্ণরূপে ‘কল্যাণ ভারতী’-কে এগিয়ে নিয়ে যেতে সমর্থ হবে।”

সাংবাদিক সম্মেলনের শেষ পর্যায়ে আচার্য পবন মহারাজ আরো বলেন, “প্রকৃতি আমাদের আদি গুরু, একে অবজ্ঞা করা উচিত নয়। মাটি, জল, আগুন, বাতাস, মহাকাশ-এর পঞ্চভূত দিয়ে নির্মিত এই পৃথিবী। সনাতনী মূল্যবোধের মানুষদের একদিকে সবসময়েই যেমন প্রকৃতিকে গুরু মেনে একে রক্ষা করতে তৎপরতা দেখানো উচিত, ঠিক তেমনই প্রকৃতির বুকে বসবাসরত জীবের কল্যাণেও সদা তৎপর থাকা প্রয়োজন।”

More From Author

বিধান শিশু উদ্যানের প্রতিষ্ঠাতা ও জননেতা অতুল্য ঘোষের ১২৩ তম জন্মজয়ন্তী পালন

মায়া সেন স্মৃতি সাহিত্য পুরস্কার ২০২৬ অনুষ্ঠিত হলো অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *